সন্দ্বীপ প্রতিনিধি: চট্টগ্রামের সন্দ্বীপে পাঁচ বছর বয়সী শিশু আলী হোসেনকে মাথার ওপর তুলে আছড়ে হত্যার দায়ে জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) চট্টগ্রাম জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নানের আদালত এ রায় দেন। রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা গিয়াস উদ্দিন চৌধুরী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জেরে ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ওয়াচ্ছেরের বাড়ির সামনে সড়কে শিশু আলী হোসেনকে মাথার ওপর তুলে ছুড়ে মারেন জাহাঙ্গীর আলম। এতে শিশুটির মাথা, নাক ও কানে গুরুতর আঘাত লাগে।
পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে সন্দ্বীপ মেডিকেল সেন্টারে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে চট্টগ্রামে নেওয়ার পথেই শিশুটির মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত শিশুর বাবা ও অটোরিকশাচালক আবু তাহের বাদী হয়ে সন্দ্বীপ থানায় জাহাঙ্গীর আলমকে আসামি করে হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। মামলায় আটজনের সাক্ষ্য গ্রহণের পর আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।
নিহত আলী হোসেন সন্দ্বীপের মান্নান নাহার ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। মামলার আসামি জাহাঙ্গীর আলম ইতালিপ্রবাসী। ঘটনার ১৭ দিন আগে তিনি ইতালি থেকে দেশে ফিরেছিলেন বলে জানা গেছে।
চাটগাঁ নিউজ/ফয়সাল/জেএইচ






