চাটগাঁ নিউজ ডেস্ক: খাগড়াছড়ির রামগড় স্থলবন্দরের বিভিন্ন অবকাঠামো ও বাংলাদেশ-ভারত মৈত্রীসেতু-১ পরিদর্শন করেছেন ঢাকাস্থ বিশ্বব্যাংকের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে প্রতিনিধিদলটি রামগড় স্থলবন্দর উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত বিভিন্ন অবকাঠামো সরেজমিনে পরিদর্শন করেন।
প্রতিনিধিদলে ছিলেন ঢাকাস্থ বিশ্বব্যাংকের সিনিয়র ট্রান্সপোর্ট স্পেশালিস্ট নুসরাত নাহিদ ববি, সিনিয়র সোশ্যাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট কীর্তি নিশান চাকমা, পরিবেশ বিশেষজ্ঞ মো. সাহেদ মাহাবুব চৌধুরী, সোশ্যাল ডেভেলপমেন্ট কনসালট্যান্ট ড. রাফেজা আক্তার এবং ট্রান্সপোর্ট কনসালট্যান্ট সুনীল কুমার পোদ্দাল।
এ সময় রামগড় আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে প্রতিনিধিদলকে স্বাগত জানান সহকারী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মো. রুহুল আমিন এবং রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত। এ ছাড়া উপস্থিত ছিলেন রামগড় স্থলবন্দরের ইনচার্জ ও ট্রাফিক পরিদর্শক সাইফুদ্দিন সায়েম এবং স্থলবন্দরের ইমিগ্রেশন সুপারিনটেনডেন্ট আহমেদ মামুন।
পরিদর্শনকালে প্রতিনিধিদলের সদস্যরা স্থলবন্দরের চারতলা প্যাসেঞ্জার টার্মিনাল, পোর্ট ভবন, চারতলা ডরমিটরি ভবন, আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল, অ্যাক্সেল কন্ট্রোল কক্ষ, বাংলাদেশ-ভারত ট্রাক টার্মিনাল এবং মৈত্রীসেতু-১ ঘুরে দেখেন।
রামগড় স্থলবন্দরের সহকারী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মো. রুহুল আমিন জানান, প্রকল্পের কাজ শেষ হওয়ায় বিশ্বব্যাংকের ঢাকাস্থ কার্যালয়ের পাঁচ সদস্যের প্রতিনিধিদল উন্নয়ন প্রকল্পটি পরিদর্শনে এসেছেন।
চাটগাঁ নিউজ/জেএইচ






