ঢাকার বিমানবন্দরে ধরা শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

চাটগাঁ নিউজ ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজধানীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত ২টা ৩০ মিনিটের দিকে তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

জানা গেছে, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে তিনি বিমানবন্দরে গিয়েছিলেন।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেফতার করেছে পুলিশ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আমাদের কাছে হস্তান্তর করা হয়।’

জানা যায়, থাইল্যান্ড যাওয়ার জন্য বিমানবন্দরে পৌঁছে ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে গেলে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেফতার হয়ে প্রায় ১৯ বছর কারাভোগ করেন সুইডেন আসলাম। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছরের ৪ সেপ্টেম্বর তিনি কারাগার থেকে মুক্তি পান। এরপর থেকে রাজধানীতে একাধিক হত্যার ঘটনায় তার নাম আবারও আলোচনায় আসে।

সুইডেন আসলাম ঢাকার নবাবগঞ্জ থানার ছাতিয়ার এলাকার শেখ জিন্নাত আলীর ছেলে। বিভিন্ন সময়ে তার নামে ২২টি মামলা হয়েছে, যার ৯টি হত্যা মামলা বলে জানা গেছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top