সন্দ্বীপ প্রতিনিধি: চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার হারামিয়া এলাকায় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (২০ ) পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে এ জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হারামিয়া এলাকার একটি কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করা হচ্ছিল। বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে এলে তারা প্রশাসনের কাছে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে অভিযান চালিয়ে অবৈধ মাটি কাটার সত্যতা পায়।
অভিযান চলাকালে মাটি কাটার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরে দায়ী ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন। তিনি বলেন, কৃষিজমির মাটি অবৈধভাবে কাটা পরিবেশ ও কৃষি উৎপাদনের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, জনস্বার্থে কৃষিজমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হবে।
এদিকে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অবৈধ মাটি কাটা বন্ধে নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।
চাটগাঁ নিউজ/ফয়সাল/এমকেএন





