বিনোদন ডেস্ক: রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় দেশজুড়ে শোক, ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন শোবিজ অঙ্গনের অনেক তারকা।
তাদের মধ্যে জনপ্রিয় অভিনয়শিল্পী ইরফান সাজ্জাদ নিজের ফেসবুক পোস্টে বিচার ব্যবস্থার কঠোরতা নিয়ে প্রশ্ন তুলে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, সম্ভবত এই মুহূর্তে মেয়েদের জন্য, বিশেষ করে মেয়ে শিশুদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ হলো বাংলাদেশ। শুধু গ্রেপ্তার করে সান্ত্বনা দেওয়া হয়, কিন্তু বিচারের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। এই সার্কাস আর কত দিন চলবে?
আরও কঠোর শাস্তির দাবি জানিয়ে তিনি লেখেন, বিচার এমনভাবে করা উচিত, যাতে এ ধরনের অপরাধ করার আগে অপরাধীর রুহ কেঁপে ওঠে।
পোস্টের শেষাংশে তিনি প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, একজন মেয়ের বাবা হিসেবে আপনি নিশ্চয়ই সব বাবার ভয় ও আতঙ্কের অনুভূতি বুঝতে পারবেন।
প্রসঙ্গত, মঙ্গলবার (১৯ মে) সকালে রাজধানীর পল্লবীর একটি ফ্ল্যাট থেকে শিশু রামিসার মাথাবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে বাথরুম থেকে তার বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, নির্যাতনের ঘটনা ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে মরদেহ গুমের উদ্দেশ্যে দেহের অংশ বিচ্ছিন্ন করা হয়।
এদিকে, ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, ঘটনাটির সঙ্গে ধর্ষণ বা বিকৃত যৌন নির্যাতনের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
নৃশংস এই হত্যাকাণ্ডে সামাজিকমাধ্যমেও তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। শিশু ও নারীর নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছেন সাধারণ মানুষ।
চাটগাঁ নিউজ/এমকেএন





