শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা, ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে

বিনোদন ডেস্ক: নতুন একটি সিনেমার নাচের দৃশ্যের শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। চিকিৎসকদের মতে, এই চোট থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে তাকে অন্তত ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে।

ভারতের একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শারীরিকভাবে বেশ কঠিন একটি নাচের দৃশ্য ধারণের সময় দুর্ঘটনার শিকার হন রাশমিকা। পরে বিস্তারিত স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তার হিপের একটি টেনডন (Tendon) সম্পূর্ণ ছিঁড়ে গেছে।

চিকিৎসকদের ভাষ্য, এ ধরনের টেনডনের আঘাত সাধারণত পেশাদার ক্রীড়াবিদদের মধ্যেই বেশি দেখা যায়, যারা দীর্ঘ সময় ধরে কঠোর শারীরিক অনুশীলনের সঙ্গে যুক্ত থাকেন।

এ কারণে আপাতত সব ধরনের শারীরিক পরিশ্রম ও পেশাগত কাজ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে অভিনেত্রীকে। জানা গেছে, ছয় সপ্তাহের বিশ্রাম শেষে ধাপে ধাপে পুনর্বাসন (রিহ্যাবিলিটেশন) প্রক্রিয়ার মাধ্যমে তিনি আবারও কাজে ফিরবেন।

বর্তমানে রাশমিকা একসঙ্গে চারটি সিনেমার শুটিং করছেন। ফলে বাধ্যতামূলক এই বিশ্রামের কারণে তার চলমান প্রকল্পগুলোর সময়সূচিতে পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে রাশমিকা মান্দানা বা তার টিমের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top