স্পোর্টস ডেস্ক: টানা পঞ্চমবারের মতো সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)-এর সভাপতি নির্বাচিত হওয়ায় কাজী মো. সালাহউদ্দিনকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
শনিবার (১ আগস্ট) বাফুফের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক শুভেচ্ছা বার্তায় সংস্থাটি জানায়, টানা পঞ্চম মেয়াদে সাফের সর্বোচ্চ পদে পুনর্নির্বাচিত হওয়া দক্ষিণ এশিয়ার ফুটবলের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন।
বিবৃতিতে বাফুফে উল্লেখ করে, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং বাফুফের সাবেক সভাপতি হিসেবে কাজী সালাহউদ্দিন দীর্ঘদিন ধরে দেশের ফুটবলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তার নেতৃত্ব ও অভিজ্ঞতা শুধু বাংলাদেশেই নয়, পুরো দক্ষিণ এশিয়ার ফুটবলের অগ্রযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলেছে।
সংস্থাটি আরও আশা প্রকাশ করে, সাফের সভাপতি হিসেবে নতুন মেয়াদেও তিনি আঞ্চলিক ফুটবলের বিকাশ, প্রতিযোগিতার মানোন্নয়ন এবং সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধিতে কার্যকর নেতৃত্ব দেবেন।
শুভেচ্ছা বার্তার শেষাংশে বাফুফে কাজী মো. সালাহউদ্দিনের সুস্বাস্থ্য, সফল নেতৃত্ব এবং সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনকে আরও এগিয়ে নেওয়ার লক্ষ্যে তার সার্বিক সাফল্য কামনা করে।
চাটগাঁ নিউজ/এমকেএন





