চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়া থানার সরকারি কোয়ার্টার থেকে মো. আজিজুল হক (৫০) নামে এক উপ-পরিদর্শকের (এসআই) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে দীর্ঘ সময় ফোনে যোগাযোগ করতে না পেরে সহকর্মীরা তার কক্ষে যান। সেখানে বিছানায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকদের প্রাথমিক ধারণা, স্ট্রোক বা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাতের কোনো একসময় তার মৃত্যু হয়েছে।
নিহত আজিজুল হক লোহাগাড়া থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া এলাকায়। তিনি প্রয়াত আনোয়ারুল হকের ছেলে।
পুলিশ জানিয়েছে, প্রায় ৩২ বছরের চাকরিজীবনে তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই স্ত্রীর স্বামী ছিলেন। প্রথম সংসারে এক ছেলে ও এক মেয়ে এবং দ্বিতীয় সংসারে এক ছেলে সন্তান রয়েছে।
নিহতের স্ত্রী জেসমিন বেগম জানান, পুলিশ সদর দপ্তর থেকে তিনি স্বামীর মৃত্যুর খবর পেয়েছেন। তার ভাষ্য, গত কয়েকদিন ধরে আজিজুল হক বুকে ব্যথা, ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা এটি স্ট্রোকজনিত বা স্বাভাবিক মৃত্যু। আইনি প্রক্রিয়া শেষে প্রথম জানাজা লোহাগাড়ায় অনুষ্ঠিত হবে। পরে মরদেহ পুলিশ লাইনে নেওয়া হবে এবং পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
চাটগাঁ নিউজ/এমকেএন





