চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামকে স্মার্ট, প্রযুক্তিনির্ভর ও জবাবদিহিমূলক নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ওয়ান স্টপ সিটিজেন সার্ভিস মোবাইল ও ওয়েব অ্যাপ ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। নতুন এই প্ল্যাটফর্মের মাধ্যমে নাগরিকরা বিভিন্ন সেবা গ্রহণের পাশাপাশি নগরীর সমস্যা সরাসরি করপোরেশনকে জানাতে পারবেন।
শনিবার (১৮ জুলাই) সকালে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। অ্যাপটি করপোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (সিএসআর) কর্মসূচির আওতায় ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) অর্থায়নে নির্মিত হয়েছে এবং এর প্রযুক্তিগত উন্নয়ন করেছে ভেনটো টেক।
অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, বর্তমান সময়ে নাগরিক সেবাকে প্রযুক্তির মাধ্যমে মানুষের হাতের নাগালে পৌঁছে দেওয়া সময়ের দাবি। ‘আমাদের চট্টগ্রাম’ শুধু একটি অ্যাপ নয়, এটি নাগরিক ও সিটি করপোরেশনের মধ্যে একটি কার্যকর ডিজিটাল সংযোগ তৈরি করবে।
তিনি জানান, অ্যাপটির মাধ্যমে নাগরিকরা রাস্তা, জলাবদ্ধতা, মশার উপদ্রব, ময়লা-আবর্জনা, সড়কবাতি, নর্দমাসহ ১০টি ক্যাটাগরির বিভিন্ন সমস্যা ছবি ও লোকেশনসহ সরাসরি জানাতে পারবেন। অভিযোগের বর্তমান অবস্থা, তা সমাধানের অগ্রগতি এবং নিষ্পত্তির তথ্যও লাইভ ট্র্যাক করা যাবে।
মেয়র আরও বলেন, জরুরি সেবা, মেয়রের সঙ্গে যোগাযোগ, হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন নাগরিক সেবাও ধীরে ধীরে এই প্ল্যাটফর্মে যুক্ত হবে। একই সঙ্গে কর্মকর্তা ড্যাশবোর্ড, ওয়ার্ডভিত্তিক হিট ম্যাপ ও স্বয়ংক্রিয় টিকিটিং ব্যবস্থার মাধ্যমে কোন এলাকায় কী ধরনের সমস্যা বেশি হচ্ছে তা দ্রুত শনাক্ত করে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, গুগল প্লে স্টোর ও অ্যাপ স্টোর থেকে ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপ ডাউনলোড করে নিজ নিজ এলাকার সমস্যা জানিয়ে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিন বলেন, নাগরিক অভিযোগের পাশাপাশি উন্নয়ন-সংক্রান্ত পরামর্শ, নতুন অবকাঠামো নির্মাণের প্রস্তাব এবং বিভিন্ন বিষয়ে মতামত দেওয়ার সুযোগও থাকবে এই অ্যাপে। নাগরিক মতামত সংগ্রহের জন্য এতে পোলিং সিস্টেমও সংযোজন করা হয়েছে।
তিনি জানান, ট্রেড লাইসেন্স, হোল্ডিং ট্যাক্স, ওয়ার্ড অফিসের সনদসহ বিভিন্ন সেবার তথ্য ও অনলাইন আবেদন সুবিধা ধাপে ধাপে অ্যাপে যুক্ত হবে। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারী, হাসপাতাল ও অন্যান্য গুরুত্বপূর্ণ নাগরিক তথ্যও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
আশরাফুল আমিন আরও জানান, ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসমৃদ্ধ ক্যামেরা স্থাপন করা হবে, যা রাস্তার পাশে দীর্ঘসময় পড়ে থাকা ময়লা, জলাবদ্ধতা কিংবা অন্যান্য সমস্যা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে অভিযোগ হিসেবে সিস্টেমে পাঠাবে। আগামী দুই মাসের মধ্যে হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্সসহ অধিকাংশ নাগরিক সেবা সম্পূর্ণ অনলাইনে চালুর লক্ষ্য রয়েছে।
তিনি উল্লেখ করেন, আধুনিক এই ডিজিটাল প্ল্যাটফর্ম বাস্তবায়নে চসিকের নিজস্ব তহবিল থেকে কোনো অর্থ ব্যয় হয়নি; পুরো প্রকল্পটি ইস্টার্ন ব্যাংক লিমিটেডের সিএসআর তহবিলের অর্থায়নে বাস্তবায়িত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী, রাজনীতিবিদ আবুল হাশেম বক্করসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রযুক্তিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
চাটগাঁ নিউজ/এমকেএন





