রাত পোহালেই শিল্পী সমিতির নির্বাচন, মুখোমুখি দুই প্যানেল

বিনোদন ডেস্ক: রাত পোহালেই শুক্রবার (৩ জুলাই) অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন। এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। ভোট গ্রহণকে কেন্দ্র করে ইতোমধ্যে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

একটি প্যানেলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরমান ও রুমানা ইসলাম মুক্তি। অপর প্যানেলে একই পদে লড়ছেন শিবা সানু ও জয় চৌধুরী।

আরমান-মুক্তি পরিষদের সহ-সভাপতি পদে প্রার্থী হয়েছেন চিত্রনায়িকা নূতন ও খলঅভিনেতা ইলিয়াস কোবরা। সহ-সাধারণ সম্পাদক পদে রয়েছেন রিনা খান, সাংগঠনিক সম্পাদক পদে চুন্নু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এম এ পারভেজ চৌধুরী আবীর, দপ্তর ও প্রচার সম্পাদক পদে রাসেল মিয়া, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন খলঅভিনেতা কামরুজ্জামান কমল।

এই প্যানেলের কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থী হয়েছেন মানস বন্দ্যোপাধ্যায়, দুলারী, রাকা, শারমিন আক্তার, লতিফ (চিতা), নাসরিন, সুশান্ত, শাহীন কমেডি, বাদল শেখ, আরমান খান ও শামীম খান (চিকন আলী)।

অন্যদিকে শিবা সানু-জয় চৌধুরী পরিষদের সহ-সভাপতি পদে লড়ছেন ডি এ তায়েব ও চিত্রনায়িকা রোজিনা। সহ-সাধারণ সম্পাদক পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পলি, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মুশফিকুর রহমান কাকন, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর এবং কোষাধ্যক্ষ পদে জাদু আজাদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এই প্যানেলের কার্যনির্বাহী সদস্য প্রার্থীরা হলেন আলীরাজ, ফরহাদ, শিপন মিত্র, ফিরোজ শাহী, ইয়ামীন হক ববি, হাসান জাহাঙ্গীর, শিরিন শিলা, ফাল্গুনী রহমান জলি, কায়েস আরজু ও কাবিলা।

জানা গেছে, শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। মোট ৫৭৩ জন ভোটার আগামী দুই বছরের জন্য বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নেতৃত্ব নির্বাচন করবেন।

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন কামাল মো. কিবরিয়া লিপু। নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন খোরশেদ আলম খসরু ও বি এইচ নিশান।

এবারের নির্বাচনের অন্যতম আলোচিত বিষয় হলো—একসময় যে নির্বাচনে শাকিব খান, ইলিয়াস কাঞ্চন, মৌসুমী, জায়েদ খান, রিয়াজ, ফেরদৌস, ইমন, নিরব কিংবা মিশা সওদাগর-এর মতো তারকাদের অংশগ্রহণ নিয়ে ব্যাপক আলোচনা হতো, এবার সেই তারকাখচিত উপস্থিতি প্রার্থীদের তালিকায় নেই। ফলে কিংবদন্তি শিল্পীরা ভোট দিতে এফডিসিতে আসবেন কি না, তা নিয়েও কৌতূহল তৈরি হয়েছে।

তবে তারকাদের উপস্থিতি তুলনামূলক কম হলেও নির্বাচনী পরিবেশে উৎসবের আমেজের কোনো ঘাটতি নেই। গত কয়েকদিন ধরে এফডিসিতে জমে উঠেছে প্রচারণা। সেখানে দেখা গেছে প্রবীণ শিল্পী আলীরাজ, নূতন, রোজিনা, নাসরিন, জ্যাকি আলমগীর ও ইলিয়াস কোবরাসহ অনেক পরিচিত মুখকে।

এ ছাড়া বর্তমান সভাপতি মিশা সওদাগর, চিত্রনায়ক বাপ্পারাজ ও ওমর সানীকেও নির্বাচনী মাঠে দেখা গেছে। কেউ প্রচারণায় অংশ নিচ্ছেন, কেউ আবার নাচ-গান কিংবা আড্ডায় যোগ দিয়ে প্রাণবন্ত করে তুলছেন পুরো এফডিসি প্রাঙ্গণ।

নির্বাচনকে ঘিরে এফডিসিতে যেন ছোটখাটো একটি মেলার পরিবেশ সৃষ্টি হয়েছে। শিল্পীদের পাশাপাশি দর্শনার্থী, গণমাধ্যমকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে পুরো প্রাঙ্গণ।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top