এক্সপ্রেসওয়ের নিচে লিজ-বাণিজ্য বন্ধের নির্দেশ চউকের

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরের লালখান বাজার হতে শাহ্ আমানত বিমানবন্দর পর্যন্ত নবনির্মিত এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং এর নিচের ডিভাইডারে সৌন্দর্যবর্ধন, বিজ্ঞাপন বা ব্র্যান্ডিংয়ের উদ্দেশ্যে অন্য কোনো প্রতিষ্ঠানকে ভাড়া বা লিজ না দিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে (চসিক) অনুরোধ জানিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)। একই সাথে ইতিমধ্যে যদি কোনো প্রতিষ্ঠানের সাথে এমন চুক্তি বা লিজ দেওয়া হয়ে থাকে, তা অবিলম্বে বাতিল করারও নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) চউক-এর সচিব মো. মাহবুবউল করিম স্বাক্ষরিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাছে পাঠানো এক দাপ্তরিক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চউক আইন-২০১৮ এর ২৬ ধারা অনুযায়ী, লালখান বাজার থেকে পতেঙ্গা সী-বিচ পর্যন্ত প্রায় ১৫.২০ কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের রাস্তাটি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের জন্য চসিকের নিকট হস্তান্তর করা হয়েছিল। তবে হস্তান্তরের চুক্তি অনুযায়ী, চসিককে শুধুমাত্র রাস্তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়। এসময় সড়কের লাইন মার্কিং ও আনুসাঙ্গিক কাজের ব্যয় বাবদ চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ ২ কোটি ৭৯ লাখ ৬২ হাজার ১৭ টাকা চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে প্রদান করে। তবে ডিভাইডার এবং এর সৌন্দর্যবর্ধনের অংশটি এই চুক্তির আওতাভুক্ত ছিল না।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, এক্সপ্রেসওয়ের নিচের ডিভাইডারে সৌন্দর্যবর্ধন (বৃক্ষরোপণ ও নিরাপত্তা বেষ্টনী গ্রিল স্থাপন), ছোট-বড় বিলবোর্ড স্থাপন এবং ব্র্যান্ডিং কার্যক্রম পরিচালনার জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সাথে চুক্তি সম্পাদন করছে বা ইতিমধ্যে করেছে।

চউক-এর অবস্থান ও নির্দেশনা
চউক কর্তৃপক্ষ তাদের চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করেছে যে, হস্তান্তরিত চুক্তি অনুযায়ী চসিকের কাছে ডিভাইডার ব্যতীত শুধুমাত্র রাস্তা সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব অর্পণ করা হয়েছে। ফলে ডিভাইডার কিংবা মূল এক্সপ্রেসওয়েতে অন্য কোনো কার্যক্রম পরিচালনা বা লিজ দেওয়ার এখতিয়ার সিটি কর্পোরেশনের নেই।

চিঠির বরাতে জানা যায়, লালখান বাজার হতে পতেঙ্গা সী-বিচ পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং এক্সপ্রেসওয়ের নিচের ডিভাইডারে অন্য কোনো প্রতিষ্ঠানকে সৌন্দর্যবর্ধন, ভাড়া বা লিজ না দেওয়ার জন্য চসিককে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি, ইতিমধ্যে সম্পাদিত এ ধরনের সকল চুক্তি বা লিজ বাতিল করার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়। নগরের অন্যতম প্রধান এই মেগা প্রকল্পের সৌন্দর্য ও শৃঙ্খলা বজায় রাখতেই চউক এই কঠোর অবস্থান নিয়েছে বলে জানা গেছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top