রাজস্থলীতে জমি নিয়ে বিরোধের জেরে হামলা, নারীসহ আহত ৩

রাজস্থলী প্রতিনিধি: রাঙামাটির রাজস্থলীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ তিনজন আহত হয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ২ নম্বর গাইন্দ্যা ইউনিয়নের তুলাছড়িপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—আবদুর রহিম এবং তার দুই বোন শানু আক্তার ও আয়শা বেগম।

স্থানীয় সূত্রে জানা যায়, তুলাছড়িপাড়া গ্রামের যতন তঞ্চঙ্গ্যা ও মরহুম ইসলাম মাঝির পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে মৌজা প্রধান (হেডম্যান) ও স্থানীয় ইউপি সদস্যের উপস্থিতিতে বিরোধপূর্ণ জমি পরিমাপ করতে যান উভয় পক্ষের লোকজন।

এ সময় জমি পরিমাপকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে আবদুর রহিমকে আঘাত করেন যতন তঞ্চঙ্গ্যা। এ সময় ভাইকে রক্ষা করতে এগিয়ে এলে তার দুই বোন শানু আক্তার ও আয়শা বেগমও হামলার শিকার হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে আহত দুই বোন চিকিৎসাধীন রয়েছেন। গুরুতর আহত আবদুর রহিমকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. জিয়াউর রহমান বলেন, আহতদের মধ্যে রহিম নামের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চাটগাঁ নিউজ/মিন্টু/এমকেএন

Scroll to Top