পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: মেয়র

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর ফুটপাত পথচারীদের চলাচলের উপযোগী রাখতে উচ্ছেদ কার্যক্রম জোরদার করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এর অংশ হিসেবে নগরের পাঁচলাইশ এলাকায় ফুটপাত দখল করে গড়ে ওঠা বেশ কয়েকটি ভাসমান টং দোকান উচ্ছেদ করা হয়েছে।

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) অভিযান চলাকালে ঘটনাস্থলে স্বয়ং উপস্থিত ছিলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। এসময় তিনি ফুটপাত দখল করে পরিচালিত ব্যবসাপ্রতিষ্ঠানগুলো সরিয়ে নেওয়ার নির্দেশনা দেন। পরে কয়েকটি ভাসমান টং দোকান উচ্ছেদ করে পথচারীদের চলাচলের জায়গা দখলমুক্ত করা হয়।

অভিযানকালে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ফুটপাত নগরবাসীর চলাচলের জন্য। ফুটপাত দখল করে কোনো ধরনের ব্যবসা পরিচালনা করতে দেওয়া হবে না। পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে চসিকের উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি বলেন, নগরের সৌন্দর্য, শৃঙ্খলা ও নাগরিকদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত রাখা জরুরি। উচ্ছেদের পর কেউ আবার ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন মেয়র।

নগরবাসীর স্বার্থে সিটি করপোরেশনের চলমান পরিচ্ছন্নতা ও দখলমুক্তকরণ কার্যক্রমে ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

একই সাথে ফুটপাত দখল করে নতুন করে কোনো স্থাপনা বা দোকান না বসানোর জন্যও অনুরোধ করেন মেয়র।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top