আইফোনই কাল হলো কিশোর অপ্রতীমের, সন্দেভাজন যুবক আটক

চাটগাঁ নিউজ ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতীমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। মোবাইল ফোন ছিনিয়ে নিতেই তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন নামে এক যুবককে আটক করা হয়েছে।

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুবি ক্যাম্পাসের পাশের জঙ্গল লালমাই সানন্দা পাহাড় এলাকা থেকে অপ্রতীমের মরদেহ উদ্ধার করা হয়। নিহত অপ্রতীম স্থানীয় বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

এর আগে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বন্ধুদের সঙ্গে ছবি তোলার উদ্দেশে মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হয় অপ্রতীম। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

অপ্রতীমের মা ড. নাহিদা বেগম ফেসবুকে পোস্ট দিয়ে ছেলের নিখোঁজের কথা জানান। ছেলেকে ফিরে পেতে আকুতি জানিয়েছিলেন তিনি।

অপ্রতীমের মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে কুবির শিক্ষক-শিক্ষার্থীসহ বিপুলসংখ্যক মানুষ ভিড় করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামত সংগ্রহ করেছেন।

বিকেল পৌনে ৩টার দিকে ঘটনাস্থলে আসেন সদর আসনের এমপি মনিরুল হক চৌধুরী। এ সময় তিনি হত্যায় জড়িতদের দ্রুত আটক করতে পুলিশকে নির্দেশ দেন।

সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, আমরা অনেকটা নিশ্চিত, মোবাইল ফোনের জন্যই এ হত্যার ঘটনা। আটক তুহিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপ্রতীমের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top