এনসিটি ইজারা চুক্তি বন্ধসহ চার দাবিতে দুই দিনের আলটিমেটাম

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বহুজাতিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার চুক্তি প্রক্রিয়া বন্ধসহ চার দফা দাবি জানিয়েছে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। এসব দাবি বাস্তবায়নে সরকারকে দুই দিনের সময়সীমা দিয়েছে সংগঠন দুটি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আলটিমেটাম ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের যুগ্ম সমন্বয়ক ইব্রাহিম খোকন। আর কর্মসূচি ঘোষণা করেন যুগ্ম সমন্বয়ক হুমায়ুন কবীর।

তাদের চার দাবির মধ্যে রয়েছে—এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার চুক্তি ও সংশ্লিষ্ট সব কার্যক্রম বন্ধ করা, বিগত আন্দোলনের ঘটনায় চট্টগ্রাম বন্দরের নেতৃবৃন্দসহ ১৫ কর্মচারীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি পরিচালনার চুক্তি প্রক্রিয়ার সঙ্গে জড়িত কর্মকর্তাদের অপসারণ এবং দীর্ঘদিন ধরে বন্ধ থাকা জনবল নিয়োগ কার্যক্রম পুনরায় চালু করে বন্দরের অপারেশনাল কার্যক্রম গতিশীল করা।

সংবাদ সম্মেলনে বক্তারা দাবি করেন, ২০১৭ সাল থেকে এনসিটি বিদেশি একটি বহুজাতিক প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। তাদের অভিযোগ, দেশের স্বার্থ বিবেচনায় না নিয়ে এ প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয়েছে।

ইব্রাহিম খোকন বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও এনসিটি ইজারা দেওয়ার উদ্যোগ দ্রুত এগিয়ে নেওয়া হয়েছিল। তবে শ্রমিক-কর্মচারী, বিভিন্ন পেশাজীবী, শিক্ষার্থী ও অন্যান্য শ্রেণি-পেশার মানুষের আন্দোলনের কারণে সে সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ওই প্রক্রিয়া থেকে সরে আসতে হয় বলে দাবি করেন তিনি।

সম্প্রতি চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে বক্তারা এর প্রতিবাদ জানান। তাদের দাবি, এনসিটি পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের হাতে না দিলে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের দেশে ফেরত পাঠানোর বিষয়ে যে বক্তব্য দেওয়া হয়েছে, তা বিদেশি প্রতিষ্ঠানকে উৎসাহিত করতে পারে।

এনসিটির যন্ত্রপাতি ও সক্ষমতা নিয়েও সংবাদ সম্মেলনে প্রশ্ন তোলা হয়। বক্তাদের দাবি, এনসিটির ইকুইপমেন্ট অ্যাভেইলেবিলিটি আন্তর্জাতিক মানের নিচে নেমে যাওয়ার যে তথ্য দেওয়া হচ্ছে, তা সঠিক নয়। বন্দরের অভ্যন্তরীণ নথি, ক্রেন ক্রয়ের তথ্য ও সামুদ্রিক লজিস্টিক বিশেষজ্ঞদের তথ্য বিশ্লেষণ করে তারা এ বিষয়ে ভিন্ন চিত্র পাওয়ার দাবি করেন।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, ডিপি ওয়ার্ল্ডকে এনসিটি পরিচালনার দায়িত্ব দেওয়া হলে দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও জাতীয় নিরাপত্তায় দীর্ঘমেয়াদি ঝুঁকি তৈরি হতে পারে। এনসিটি থেকে অর্জিত রাজস্ব ও আয় দেশের বাইরে চলে যাওয়ার আশঙ্কাও প্রকাশ করেন তারা।

বক্তারা দাবি করেন, ২০২৫-২৬ অর্থবছরে এনসিটি থেকে প্রায় ৪ হাজার ৫০০ কোটি টাকা আয় এবং প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা নিট আয় হয়েছে। এ আয় থেকে সরকার কর ও ভ্যাট বাবদ উল্লেখযোগ্য রাজস্ব পেয়েছে বলেও তারা উল্লেখ করেন। তাদের মতে, এনসিটি ইজারা দেওয়া হলে সরকার এ ধরনের রাজস্ব থেকে বঞ্চিত হতে পারে।

সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্যের চট্টগ্রাম জেলা সমন্বয়ক স্বপন মজুমদার বলেন, এনসিটি চট্টগ্রাম বন্দরের একটি লাভজনক স্থাপনা। এটি ইজারা দেওয়ার প্রয়োজন নেই বলে তিনি মনে করেন। এনসিটি ইজারা দেওয়ার পেছনে একটি আন্তর্জাতিক চক্র কাজ করছে বলেও তিনি অভিযোগ করেন।

দাবি বাস্তবায়ন না হলে আগামী মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নিমতলা বিশ্বরোড থেকে ওয়ানস্টপ পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। এরপর রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ফকিরহাট ৩ নম্বর গেট থেকে ওয়ানস্টপ পর্যন্ত বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে স্কপ নেতা ইফতেখার কামাল, হুমায়ুন কবির (নিমতলা), মোজাহের হোসেন শওকত, মার্চেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি হারুনুর রশীদ, ডক জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিম, স্টাফ ইউনিয়নের মোহাম্মদ ফয়েজ উল্লাহ, উইন্সম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইমাম হোসেন খোকনসহ সংশ্লিষ্ট সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top