রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের শিকার হওয়ার অভিযোগের পর অঞ্জনা দাস (৪৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃত্যুর সঙ্গে নয় দিন পাঞ্জা লড়ে রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অঞ্জনা দাস পূর্ব চন্দ্রঘোনা হিন্দুপাড়ার কাঞ্চন দাস ওরফে লাল সাধুর স্ত্রী।
নিহতের পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, কিছুদিন আগে অঞ্জনা দাসের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তোলেন তার স্বামী কাঞ্চন দাস। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয়ভাবে একটি সালিশি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে স্থানীয় সালিশকারীদের সামনে এক যুবকের সঙ্গে অঞ্জনার কিছু ছবি ও ভিডিও ফুটেজ প্রকাশ্যে দেখানো হয়। এতে তিনি সামাজিক ও মানসিকভাবে চরম অপমানের শিকার হন বলে পরিবারের দাবি।
স্থানীয়দের ধারণা, ওই অপমান সহ্য করতে না পেরে গত ৪ সেপ্টেম্বর নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন অঞ্জনা। পরে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে পরে তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার বিকেলে তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অঞ্জনা দাসের মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং ঘটনার সঙ্গে কেউ জড়িত থাকলে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন





