বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পরকীয়ার সন্দেহে আয়েশা বেগম (৩০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী ছৈয়দ আহমদের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করেছে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১২টা ৫ মিনিটের দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জামিরতলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আয়েশা বেগম ওই এলাকার ছৈয়দ আহমদের স্ত্রী। তাঁদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় জাফর আলমের সঙ্গে আয়েশা বেগমের পরকীয়া সম্পর্ক রয়েছে—এমন সন্দেহ ছিল তাঁর স্বামী ছৈয়দ আহমদের। এ বিষয়কে কেন্দ্র করে রবিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে আয়েশা, জাফর আলম ও ছৈয়দ আহমদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
পুলিশের প্রাথমিক তথ্যমতে, ওই ঘটনার পর ছৈয়দ আহমদ অজ্ঞাত কয়েকজনের সহায়তায় আয়েশাকে মারধর করেন। একপর্যায়ে গুরুতর আহত হয়ে তাঁর মৃত্যু হয় বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ আরও জানায়, ঘটনার পর বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে ছৈয়দ আহমদ জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আয়েশা বেগমের মরদেহ উদ্ধার করে। পরে অভিযান চালিয়ে তাঁর স্বামী ছৈয়দ আহমদকে আটক করা হয়।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, ২০১৬ সালে ছৈয়দ আহমদের সঙ্গে আয়েশা বেগমের বিয়ে হয়। তাঁদের তিন সন্তান রয়েছে। ছৈয়দ আহমদ প্রথমে কৃষিকাজ করতেন। পরে ২০২০ সালের দিকে তিনি বিদেশে যান এবং চলতি বছরের জুনের দিকে দেশে ফেরেন।
ওসি বলেন, দেশে ফেরার পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া ও মারামারি হতো বলে প্রতিবেশীরা জানিয়েছেন। মূলত স্ত্রীর সঙ্গে অন্য এক ব্যক্তির পরকীয়া সম্পর্ক রয়েছে—এমন সন্দেহ থেকেই তাঁদের মধ্যে বিরোধ চলছিল।
তিনি আরও জানান, সর্বশেষ সোমবার ছৈয়দ আহমদ বিদেশ যাওয়ার উদ্দেশ্যে বের হলেও পরে ফিরে আসেন। এ সময় ওই ব্যক্তিকে স্ত্রীর সঙ্গে দেখতে পাওয়ার বিষয়কে কেন্দ্র করে আবারও মারধরের ঘটনা ঘটে। একপর্যায়ে আয়েশা বেগমের মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ওসি মো. মোজাম্মেল হক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের স্বজনরা মরদেহ নিয়ে গ্রামের বাড়িতে গেছেন। তাঁদের পক্ষ থেকে এজাহার দেওয়া হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/ইলিয়াস/এমকেএন





