রাঙ্গুনিয়ায় পাহাড়ি ঢলে বেইলি সেতু ধস, রাঙামাটি-বান্দরবান যোগাযোগ বন্ধ

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় স্মরণকালের ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে পদুয়া ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা।

শনিবার (১১ জুলাই) ভোর ৪টার দিকে শুরু হওয়া টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের তীব্র স্রোতে দুধপুকুরিয়া (ব্রিজঘাট) রাবার ড্যামের বেড়িবাঁধ ভেঙে গেলে আকস্মিকভাবে বন্যার সৃষ্টি হয়।

বাঁধ ভেঙে প্রবল গতিতে পানি লোকালয়ে প্রবেশ করায় পদুয়া ইউনিয়নের দুধপুকুরিয়া, নাপিতপুকুরিয়া, ফলাহারিয়া, পূর্ব কুরুশিয়া ফকিরটিলা এবং পদুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জমাদার টিলা হিন্দুপাড়াসহ আশপাশের কয়েকটি গ্রাম মুহূর্তের মধ্যে প্লাবিত হয়ে পড়ে। আকস্মিকভাবে ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় শত শত পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে।

স্থানীয় বাসিন্দা মো. রাসেল জানান, পাহাড়ি ঢলের তীব্র স্রোতে এলাকার সড়ক যোগাযোগ কার্যত ভেঙে পড়েছে। বহু মাছচাষির পুকুরের মাছ ভেসে যাওয়ায় তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। স্থানীয়দের দাবি, সাম্প্রতিক সময়ের মধ্যে এটি এ এলাকার সবচেয়ে ভয়াবহ বন্যা।

এদিকে পাহাড়ি ঢলের প্রবল স্রোতে ব্রিজঘাট শিলক খালের ওপর নির্মিত ঐতিহ্যবাহী বেইলি সেতুর একটি অংশ ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ফলে রাঙামাটি-বান্দরবান সড়কে আন্তঃজেলা যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সড়কের উভয় পাশে আটকা পড়েছে অসংখ্য যানবাহন ও যাত্রী।

উপজেলা প্রকৌশলী মো. রেজাউল করিম বলেন, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে বেইলি সেতুর একটি অংশ ভেঙে যাওয়ায় রাঙামাটি-বান্দরবান সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রয়েছে। সেতুটি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতাধীন। সংশ্লিষ্ট কর্মকর্তারা ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন। দ্রুত যোগাযোগ স্বাভাবিক করতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান জানান, আকস্মিক বন্যায় পানিবন্দি মানুষের উদ্ধার, নিরাপদ আশ্রয়ে স্থানান্তর, শুকনো খাবার বিতরণ এবং জরুরি ত্রাণ সহায়তার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি ভেঙে যাওয়া বেইলি সেতুর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং দ্রুত যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

 

Scroll to Top