আনোয়ারায় সাগরে ভেসে এলো অজ্ঞাত যুবকের লাশ

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়া সাত্তার মাঝির ঘাট এলাকায় সাগরের জোয়ারের পানিতে ভেসে আসা এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বেড়িবাঁধের ব্লকের সঙ্গে মরদেহটি আটকে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে আনোয়ারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে উপকূলবর্তী বেড়িবাঁধ এলাকায় একটি মরদেহ ভেসে থাকতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি দুই থেকে তিন দিন আগে পানিতে পড়ে থাকতে পারে।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর। তাঁর পরনে সাদা-কালো রঙের ফুলহাতা গেঞ্জি ছিল। তবে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, সাগরের জোয়ারে ভেসে আসা অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top