রাঙ্গুনিয়ায় চলন্ত অটোরিকশায় গাছ পড়ে নিহত ১, আহত ৩

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় চলন্ত সিএনজিচালিত অটোরিকশার ওপর গাছের ডাল ভেঙে পড়ে অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও তিন যাত্রী।

আজ বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার কাপ্তাই সড়কের মরিয়মনগর কাটাখালী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত অটোরিকশাচালকের নাম মো. সেলিম (৪০)। তিনি কদমতলী ইউনিয়নের আজিজনগর এলাকার লিয়াকত আলীর ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও চিকিৎসক সূত্রে জানা গেছে, নগরীর কাপ্তাই রাস্তার মাথা থেকে যাত্রী নিয়ে ছেড়ে যাওয়া অটোরিকশাটি মরিয়মনগর কাটাখালী এলাকায় পৌঁছালে একটি বড় গাছের ডাল হঠাৎ ভেঙে গাড়িটির সামনের অংশের ওপর পড়ে। এতে অটোরিকশাচালক ঘটনাস্থলেই মারা যান এবং তিন যাত্রী আহত হন। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন বলেন, ঘটনার পর সড়ক থেকে গাছের ডাল সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top