চাটগাঁ নিউজ ডেস্ক : টানা বৃষ্টিতে কর্ণফুলী উপজেলায় রাস্তার পাশের দেয়াল ধসে চাপা পড়ে দেলোয়ারা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন, যাদের মধ্যে রয়েছে দুই শিশু ও এক ভ্যানচালক।
বুধবার (২৯ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে কর্ণফুলী থানার শিকলবাহার ইউনিয়নের পুলিশ বিট এলাকার এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ারা বেগম কর্ণফুলী থানাধীন মাস্টার হাট এলাকার মৃত ফজল আহমেদের স্ত্রী।
আহতরা হলেন— শিকলবাহা ৬ নম্বর ওয়ার্ডের জামালপাড়া এলাকার বদলা বাপের বাড়ির ছালেহ আহমদের ছেলে, সবজি বিক্রেতা মো. রুবেল (৩০); শিকলবাহা ২ নম্বর ওয়ার্ডের কোদাইল্লা পাড়ার শামসু মেম্বারের বাড়ির মো. নজরুলের ছেলে মিজবাহ (১২); এবং একই এলাকার ইয়ার মোহাম্মদের ছেলে মো. সাফাত (৭)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ ও উপ-পরিদর্শক মো. আশেক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, পুলিশ বিট শিকলবাহা এলাকায় অতিবৃষ্টির ফলে রাস্তার পাশের একটি দেয়াল হঠাৎ ধসে পড়ে। এসময় পথচারী দেলোয়ারা বেগম ওই দেয়ালের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে জরুরি বিভাগ থেকে ২নং ওয়ার্ডে পাঠান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ধসে পড়া দেয়ালের মালিক মুঠোফোনে চাটগাঁ নিউজকে জানান, তাঁরা দীর্ঘদিন ধরে শহরে বসবাস করেন। গ্রামের বাড়িতে খুব একটা যান না। তাঁদের ভিটার এই পুরানো দেয়ালটির পাশ দিয়ে সরকারিভাবে একটি ড্রেন করা হয়েছে। এই ড্রেনটি না করার জন্য তাঁরা স্থানীয় মেম্বার-চেয়ারম্যানদের নিষেধ করেছিলেন, কিন্তু কেউ কথা শুনেননি। বহু পুরানো দেয়ালটির পাশ দিয়ে ড্রেনটি করার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে তিনি অভিযোগ করেন।
চাটগাঁ নিউজ/এসএ






