চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের আমিরবাগ এলাকায় প্রবাসী মো. রফিক হত্যা মামলায় ৭ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
একইসঙ্গে প্রত্যেককে ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৮ জন আসামিকে খালাস দেওয়া হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ ষষ্ঠ আদালতের বিচারক মুহাম্মদ আলী আক্কাস এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—মো. বেল্লাল হোসেন, জাকির হোসেন, শহীদ রাজা (প্রকাশ শহীদ), হোসেন (প্রকাশ মো. হোসেন), জামাল, জসিম ও মিল্টন সরদার।
অন্যদিকে খালাসপ্রাপ্তরা হলেন—মো. হুমায়ন কবির, পনু ব্যাপারী, আবু তাহের, মনির হোসেন, মো. ডালিম মল্লিক, কবির বেপারী, কামাল সিকদার, সাহাব উদ্দিন ও মঈন উদ্দিন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ হাসেম জানান, উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণে হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত ৭ জনকে দণ্ডিত করেছেন। অপরদিকে অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে।
রায়ের সময় দণ্ডপ্রাপ্ত চারজন—মো. বেল্লাল হোসেন, জাকির হোসেন, শহীদ রাজা ও হোসেন আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের সাজা পরোয়ানা অনুযায়ী কারাগারে পাঠানো হয়। অপর তিন আসামি—জামাল, জসিম ও মিল্টন সরদার পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মামলার বিবরণে জানা যায়, সংযুক্ত আরব আমিরাতপ্রবাসী মো. রফিক ২০০৭ সালের ১৬ জুলাই দেশে ফেরেন। একই বছরের ১৪ আগস্ট রাতে তিনি নগরের কদমতলী এলাকায় শ্বশুরবাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। রাতে পরিবারের সঙ্গে শেষবারের মতো কথা বলার পর থেকেই তার কোনো খোঁজ মিলছিল না। পরে খবর পেয়ে স্বজনরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে তাকে মৃত অবস্থায় শনাক্ত করেন। পরবর্তীতে জানা যায়, দুর্বৃত্তরা তাকে হত্যা করে আমিরবাগ এলাকায় ফেলে রেখে যায়।
এ ঘটনায় নিহতের ভাই জাকির হোসেন লুলু কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
চাটগাঁ নিউজ/এমকেএন





