চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার একটি মাদক মামলায় দুই ব্যক্তিকে ৫ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে; অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বুধবার (২৯ এপ্রিল) চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ আফরোজা জেসমিন কলির আদালত এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. মাহমুদ ইসলাম (৪২) ও মো. ইয়াছিন (৩০)। তারা কক্সবাজারের টেকনাফের বাসিন্দা হলেও নগরের চান্দগাঁও এলাকায় বসবাস করতেন। রায়ের সময় তারা আদালতে উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
আদালতের বেঞ্চ সহকারী নাঈম উদ্দীন জানান, মামলার সাক্ষ্য-প্রমাণে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ দণ্ডাদেশ দেন।
মামলার নথি অনুযায়ী, ২০১৫ সালের ২০ সেপ্টেম্বর রাতে র্যাব-৭, চট্টগ্রামের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানার বহদ্দারহাট হক সুপার মার্কেট সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে মাহমুদ ইসলামের কাছ থেকে ৬০০ পিস এবং ইয়াছিনের কাছ থেকে ৪০০ পিসসহ মোট ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়।
চাটগাঁ নিউজ/এমকেএন





