চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বক্তপুর ইউনিয়নে পারিবারিক বিরোধের জেরে প্রবাসফেরত এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে তার স্ত্রী ও সন্তানদের বিরুদ্ধে। এ ঘটনায় আহত ব্যক্তির বোন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত স্ত্রী, ছেলে ও মেয়েকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী মোহাম্মদ শাহ জাহান দীর্ঘ প্রায় ৩০ বছর কুয়েতে প্রবাস জীবন কাটিয়ে সম্প্রতি দেশে ফেরেন। প্রবাসে উপার্জিত অর্থ দিয়ে তিনি স্ত্রীর নামে সঞ্চয়পত্র, স্বর্ণালংকার ও বসতবাড়িসহ উল্লেখযোগ্য সম্পদ গড়ে তুলেছিলেন।
তবে এসব সম্পদ ও অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। দেশে ফেরার পর ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাইলে তা নিয়ে বিরোধ তীব্র আকার ধারণ করে। একপর্যায়ে তারা একই বাড়িতে পৃথকভাবে বসবাস শুরু করেন।
অভিযোগ রয়েছে, ঘটনার রাতে স্ত্রী কামরুন নাহার জুমুর কৌশলে স্বামীর কক্ষে প্রবেশ করেন। পরে ছেলে ও মেয়েকে সঙ্গে নিয়ে তার ওপর হামলা চালানো হয়। এ সময় তাকে শ্বাসরোধের চেষ্টা করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়।
হামলাকারীরা তাকে মৃত ভেবে ফেলে রেখে চলে গেলে কিছুক্ষণ পর জ্ঞান ফিরে পেয়ে তিনি আত্মীয়স্বজনদের খবর দেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নাজিরহাটের একটি হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ ঘটনায় ভুক্তভোগীর বোন সুমি আক্তার বাদী হয়ে স্ত্রী, ছেলে ও মেয়েসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে ফটিকছড়ি থানায় মামলা দায়ের করেন।
তদন্তকারী কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ঘটনাটি ডাকাতি হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হলেও জিজ্ঞাসাবাদে প্রকৃত ঘটনা বেরিয়ে আসে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে। তদন্ত চলমান রয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





