সন্দ্বীপ প্রতিনিধি: দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্রবন্দরে সতর্কতা অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম–সন্দ্বীপ নৌরুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে কার্যত মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে দ্বীপ উপজেলা সন্দ্বীপ।
বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে গুপ্তছড়া ফেরিঘাটে দেখা যায়, পণ্যবাহী শতাধিক ট্রাক, বাস, পিকআপ ও ব্যক্তিগত গাড়ি পারাপারের অপেক্ষায় আটকে আছে। একই চিত্র দেখা গেছে বাসবাড়িয়া ঘাটেও—সেখানে বিপুলসংখ্যক পণ্যবাহী যানবাহন সন্দ্বীপমুখী হয়ে অপেক্ষা করছে।
দীর্ঘ সময় ধরে নৌযান চলাচল বন্ধ থাকায় পণ্য পরিবহনে স্থবিরতা দেখা দিয়েছে। বিশেষ করে দ্রুত পচনশীল পণ্য নিয়ে ব্যবসায়ীরা চরম উদ্বেগে রয়েছেন। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন তারা।
অন্যদিকে, নৌযান বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী সাধারণ। জরুরি প্রয়োজনে চট্টগ্রামগামী সরকারি ও বেসরকারি চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ পড়েছেন বিপাকে।
সন্দ্বীপে কর্মরত ওষুধ কোম্পানি শরীফ ফার্মাসিউটিক্যালসের এরিয়া ম্যানেজার প্রদীপ কুমার বলেন, বৃহস্পতিবার সকাল ৮টায় চট্টগ্রামের হোটেল টাওয়ার ইন-এ আমার কোম্পানির মাসিক মিটিং রয়েছে। কিন্তু নৌযান বন্ধ থাকায় কোনোভাবেই যেতে পারছি না। মিটিংয়ে উপস্থিত থাকতে না পারলে চাকরি নিয়ে শঙ্কায় আছি।
স্থানীয়রা জানান, আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নৌ চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম। এতে জনজীবনে দুর্ভোগ আরও বাড়তে পারে।
চাটগাঁ নিউজ/ফয়সাল/এমকেএন





