যুক্তরাষ্ট্রে সেনাঘাঁটিতে আছড়ে পড়ল বি-৫২ বোমারু বিমান, ৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মার্কিন বাহিনীর বিমান ঘাঁটি এডওয়ার্ডস এয়ারফোর্স বেইসে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়েছে একটি বি-৫২ বোমারু বিমান। এতে বিমানটিতে থাকা পাইলট এবং ৭ জন যাত্রীর সবাই নিহত হয়েছেন।

সোমবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

এডওয়ার্ডস এয়ারফোর্স বেইসের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “রুটিন টেস্ট মিশনের অংশ হিসেবে বিমান বাহিনীর একটি বি-৫২ বম্বার এডওয়ার্ড বিমান ঘাঁটির রানওয়ে থেকে বেলা ১১টা ২০ মিনিটে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে চালকসহ মোট ৮ জন যাত্রী ছিলেন। তাদের কেউই বেঁচে নেই।”

বিবৃতিতে আরও বলা হয়েছে, দুর্ঘটনার অল্প সময়ের মধ্যে জরুরি পরিষেবা বিভাগের কর্মীরা সেখানে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। কী কারণে বিমানটি বিধ্বস্ত হলো— তা জানতে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে বিমান ঘাঁটি কর্তৃপক্ষ।

দুর্ঘটনার পর সাময়িকভাবে ঘাঁটিটি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এডওয়ার্ডস এয়ারফোর্স বেইসের যেসব উড়োজাহাজ বাইরে ছিল, সেগুলোকে অন্যান্য ঘাঁটিতে অবতরণের নির্দেশও দেওয়া হয়েছে।

ঘাঁটির যে স্থানে বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেটির ছবি প্রকাশিত হয়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে। সেসব ছবিতে দেখা গেছে, বিধ্বস্ত বিমানটি থেকে কালো ধোঁয়ার বিশাল কুন্ডলি উঠছে এবং বড় জায়গাজুড়ে ছড়িয়ে পড়েছে ধ্বংসাবশেষ।

উল্লেখ্য, ‘বি-৫২ হেভি বোম্বার’ বিশ্বের সবচেয়ে বড়, শক্তিশালী ও সমৃদ্ধ বোমারু বিমানগুলোর মধ্যে একটি। ১৯৫৪ সালে প্রথম এই সামরিক উড়োজাহাজ আকাশে ওড়ায় তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। বিমানটির মূল নকশাও করেছিল তারাই। পরে যুক্তরাষ্ট্রও একই নকশায় এ বিমান তৈরি করা শুরু করে। মার্কিন প্রতিরক্ষা বহরে বি-৫২ হেভি বোম্বার একটি গুরুত্বপূর্ণ সামরিক উড়োজাহাজ।

বিশালাকৃতির এই বোমারু বিমানের দৈর্ঘ ১৫৯ ফুট এবং দুই ডানার প্রস্থ ১৮৫ ফুট। একটি বি-৫২ বোমারু বিমানের কম্ব্যাট রেঞ্জ ৮ হাজার ৮০০ মাইলের বেশি, অর্থাৎ যে কোনো যুদ্ধক্ষেত্রে ৮ হাজার ৮০০ মাইল এলাকা কভার করার জন্য একটি বি-৫২ হেভি বোম্বার যথেষ্ট।

একটি বি-৫২ হেভি বোম্বার একসঙ্গে বিপুল পরিমাণ বোমা, গোলা, ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। এই বিমান পরমাণু বোমা পরিবহন ও নিক্ষেপ করতে সক্ষম।

সূত্র : এএফপি/ এনডিটিভি

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top