চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের বোয়ালখালীতে তসলিম (৩৮) নামের এক মাদক কারবারিকে নিয়ে অভিযান চালিয়ে গোয়ালঘর থেকে ৯ হাজারের বেশি ইয়াবা জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে নগরীর চান্দগাঁও এলাকা থেকে তসলিমকে আটক করা হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে বোয়ালখালীর আকুবদণ্ডী গ্রাম থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়।
তসলিম ওই গ্রামের ঘোষের বাড়ির জাফর আহমদের ছেলে।
এসআরবি-৭-এর সিপিসি-৩ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে তসলিমকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আকুবদণ্ডী গ্রামে অভিযান চালানো হয়। এসময় তসলিমের বসতঘরের পাশে থাকা গোয়ালঘর থেকে ৯ হাজার ১৫০টি ইয়াবা জব্দ করা হয়। জব্দ ইয়াবাসহ তসলিমকে বোয়ালখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. নুরুল আলম বলেন, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) তাকে আদালতে সোপর্দ করা হয়।
চাটগাঁ নিউজ/এসএ






