মাদকবিরোধী অভিযানে চট্টগ্রাম রেঞ্জে গ্রেপ্তার ৫৮৭

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম রেঞ্জের আওতাধীন ১১ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গত ২৪ ঘণ্টায় ৫৮৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদকদ্রব্যসহ বিভিন্ন ধরনের মামলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ২৪ ঘণ্টার অভিযানের এসব তথ্য জানান চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী।

রেঞ্জ পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ৫৮৭ জনের মধ্যে মাদকবিরোধী অভিযানে ২১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নিয়মিত মামলায় ১২০ জন, পূর্ববর্তী মামলায় ৭৩ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৪৫ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় পাঁচজন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া বিভিন্ন মামলার পরোয়ানামূলে ১৪০ জন এবং সাজা পরোয়ানামূলে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিআইজি জানান, মাদক মামলায় গ্রেপ্তার হয়েছেন ১৪৭ জন। তাদের মধ্যে দুজন মাদক বহনকারী এবং ১৪৫ জন মাদকসেবী। পাশাপাশি নিয়মিত ও অন্যান্য মামলায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৬৬ জনকে মাদক ব্যবসায়ী হিসেবে শনাক্ত করা হয়েছে।

অভিযান চলাকালে ৫১টি মাদক মামলা দায়ের করা হয়। মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সময়ে ৩২ হাজার ২০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

অভিযানে ৩ হাজার ২৬২ পিস ইয়াবা, ৩০১ লিটার চোলাইমদ, ৫৮ কেজি ৪৯২ গ্রাম গাঁজা, ১৫৬ বোতল বিদেশি মদ, ৩০ ক্যান বিয়ার, ৪৫ বোতল স্কাফ সিরাপ এবং ১৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top