ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন কারিনা কায়সার 

বিনোদন ডেস্ক: জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। তিনি লিভার–সংক্রান্ত জটিলতায় লাইফ সাপোর্টে ছিলেন।

শুক্রবার (১৬ মে) দিবাগত রাতে ভারতের চেন্নাইয়ে অবস্থিত ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩১ বছর।

কারিনার বাবা জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ তার মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, ফুসফুসে অ্যান্টিবায়োটিক প্রয়োগের সময় হঠাৎ তার রক্তচাপ অনেক নিচে নেমে যায়। পরে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

পারিবারিক সূত্রে জানা যায়, শুরুতে জ্বরে আক্রান্ত হন কারিনা। পরে তার শরীরে সংক্রমণ ধরা পড়ে। একই সঙ্গে হেপাটাইটিস এ ও ই-জনিত জটিলতায় তার লিভার ফেইলিউর দেখা দেয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয় এবং পরে লাইফ সাপোর্টে রাখা হয়।

জানা গেছে, কয়েক দিন ধরেই শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল কারিনার। প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ১১ মে রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে ভারতের চেন্নাই নেওয়া হয়। সেখানে ভেলোরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছিল।

চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রথমে তার ফুসফুসের চিকিৎসা শুরু হয়। পাশাপাশি লিভার ট্রান্সপ্লান্টের প্রস্তুতিও চলছিল। তবে শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ করে ওপারে পাড়ি জমালেন কারিনা।

উল্লেখ্য, কারিনা কায়সার মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রাণবন্ত উপস্থাপনা ও জীবনধর্মী কনটেন্টের জন্য তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয় ছিলেন। অভিনয়ের জগতেও তিনি নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন।

কারিনা অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ওটিটি প্ল্যাটফর্মের জনপ্রিয় সিরিজ ‘ইন্টার্নশিপ’ এবং সিনেমা ‘৩৬-২৪-৩৬’। এ ছাড়া তিনি চিত্রনাট্যকার হিসেবেও বেশ কিছু ভালো কাজ করেছেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top