চাটগাঁ নিউজ ডেস্ক : ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগ শুধু বিতাড়িতই হয়নি, তারা বাংলাদেশের রাজনীতিতে দেউলিয়ায় পরিণত হয়েছে।
শুক্রবার (১৫ মে) চট্টগ্রাম নগরীর পাহাড়তলী হাজি ক্যাম্প এলাকায় মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে অসহায় মানুষের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ ও মাসব্যাপী বৃক্ষ রোপণ এবং বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
নগরীর পাহাড়তলী, খুলশী, আকবর শাহ, হালিশহর ও ডবলমুরিং থানা যুবদল এবং ছাত্রদলের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, চট্টগ্রামে একটা জানাজা হয়েছে, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান একজন মানবিক নেতা, বিএনপি সহনশীল দল। একদিন আগেও জয়বাংলা বলার মুরদ ছিল না, একদিন পরেও নেই। জানাজার সময় যেখানে মানুষ শেষ যাত্রায় কলেমা পড়ে, সেখানে ১০/২০ ছেলে জয়বাংলা, জয়বাংলা করে একটা কিছু প্রমাণ করতে চাইছে। তারা একটা জিনিসই প্রমাণ করতে পারে, সেটি হচ্ছে তারা শুধু বিতাড়িত হয়নি, তারা বাংলাদেশের রাজনীতিতে দেউলিয়ায় পরিণত হয়েছে।
চাটগাঁ নিউজ/এসএ





