চাটগাঁ নিউজ ডেস্ক : দেশব্যাপী চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের ঘোষণার পর গত ১ মে থেকে চাঁদাবাজ-সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ করে ‘অলআউট’ অ্যাকশনে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। ইতোমধ্যে সহস্রাধিক চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীও রয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, চাঁদাবাজদের নিয়ন্ত্রণে সরকারের সবুজ সংকেত পাওয়ার পর পুলিশ ও অন্যান্য বাহিনী লাগাতার অভিযান শুরু করে। পুলিশ সদর দফতর থেকে দেশের সব মহানগর এলাকা, রেঞ্জ ডিআইজি, জেলার পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট ইউনিটগুলোকে চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা দিয়ে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, সরকার যদি প্রকৃত চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান চালায়, তাহলে দেশে চাঁদাবাজির ঘটনা অর্ধেকে নেমে আসতে পারে। পূর্ণ মাত্রায় অভিযান পরিচালিত হলে এই অপরাধ উল্লেখযোগ্যভাবে নিয়ন্ত্রণে আসবে বলেও তারা মনে করেন। তবে আগের অভিজ্ঞতায় দেখা গেছে, অনেক সময় অভিযানে মাঠপর্যায়ের কর্মীরা ধরা পড়লেও মূল পৃষ্ঠপোষকরা ধরাছোঁয়ার বাইরে থেকে যায়।
চাটগাঁ নিউজ/এসএ





