বিটিআরসির কাজ করতে গিয়ে ওয়াসার লাইনে ফুটো

চাটগাঁ নিউজ ডেস্ক : নগরের জামালখান চেরাগী পাহাড় মোড়ে অপটিক্যাল ফাইবার লাইনের কাজ করতে গিয়ে চট্টগ্রাম ওয়াসার ২৪ ইঞ্চি ট্রান্সমিশন লাইনের একটি পাইপ ফুটো হয়ে গেছে। এতে ভোর থেকে রাস্তায় পানি গড়িয়ে পড়তে দেখা যায়।

বৃহস্পতিবার (১৮ জুন) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) অধীনস্থ ‘বাহন’ নামের একটি প্রতিষ্ঠান অপটিক্যাল ফাইবার লাইনের কাজ করার সময় ওয়াসার ট্রান্সমিশন লাইনে ফুটো সৃষ্টি হয়।

ক্ষতিগ্রস্ত লাইনটি চট্টগ্রাম ওয়াসার বহদ্দারহাট বুস্টার স্টেশনের মড-৪ এর আওতাধীন ২৪ ইঞ্চি পাইপলাইন। ঘটনার পর ফুটো হওয়া অংশ দিয়ে পানি সড়কে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ওয়াসার প্রকৌশলীরা ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত লাইন বন্ধ করে মেরামত কাজ শুরু করেন।

চট্টগ্রাম ওয়াসার মড-৪ এর নির্বাহী প্রকৌশলী সমিত পাল জানান, লাইনটি আপাতত বন্ধ রাখা হয়েছে। মেরামতের কাজ চলছে। তবে ওই এলাকায় পানি সরবরাহ স্বাভাবিক রয়েছে। যে লাইনটি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি একটি পুরোনো লাইন।

তিনি আরও জানান, দ্রুততম সময়ের মধ্যে মেরামত কাজ শেষ করে লাইনটি পুনরায় চালু করার চেষ্টা করা হচ্ছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top