চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ মডেল থানা এলাকায় তিনটি ফ্ল্যাটে সংঘটিত চুরির ঘটনায় একটি সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় চোরাইকৃত স্বর্ণালংকার, নগদ টাকা ও বিভিন্ন মূল্যবান সামগ্রী উদ্ধার করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, গার্মেন্টস ব্যবসায়ী মোহাম্মদ ইউসুফ চৌধুরী রূপনগর ক্লাব সংলগ্ন হিলভিউ আবাসিক এলাকার নাহার ভিলায় বসবাস করেন। গত ৭ জুন ভোররাতে তার পরিবারের তিনটি ফ্ল্যাট—এ/১, বি/১ ও সি/১—এ চুরির ঘটনা ঘটে।
রাত আনুমানিক ৪টার দিকে কন্যা জারিকা ইমানী বিনতে ইউসুফ বাসার ভেতরে এক চোর দেখতে পেয়ে চিৎকার করলে পরিবারের সদস্যরা জেগে ওঠেন। পরে দেখা যায়, ফ্ল্যাট বি/১-এর ড্রয়িংরুমের জানালার রড ভাঙা এবং বিভিন্ন কক্ষে মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে।
এ ঘটনায় এ/১ ফ্ল্যাট থেকে প্রায় ৪ ভরি স্বর্ণের চুড়ি, ১ ভরি ব্রেসলেট, স্বর্ণ ও রুপার বিভিন্ন অলংকার, বিদেশি পার্স ব্যাগ, নগদ ৭০ হাজার টাকা এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি হয়। পাশাপাশি বি/১ ও সি/১ ফ্ল্যাট থেকেও মোবাইল ফোন, পার্স ব্যাগ ও ডাক্তারি সরঞ্জামসহ বিভিন্ন সামগ্রী খোয়া যায়।
পরে পাঁচলাইশ মডেল থানায় মামলা দায়ের করা হলে তদন্তে নামে পুলিশ। ১৫ জুন রাত ১১টার দিকে হাটহাজারীর মীরেরহাট এলাকা থেকে মো. খোরশেদ (৩০) নামের এক আসামিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে চোরাইকৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১৬ জুন সকালে মৌলভীবাজারের রাজনগর থানার কোনাগাঁও এলাকা থেকে ইসমাইল হোসেন (৩৮) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে আসামিদের স্বীকারোক্তির ভিত্তিতে কোতোয়ালী এলাকায় একটি স্বর্ণের দোকান থেকে ৪ ভরি ৯ আনা গলিত স্বর্ণ উদ্ধার করা হয়। একই দিন রাতে খুলশী থানার আমবাগান নালাপাড়া ছিন্নমূল কলোনির একটি বাসায় অভিযান চালিয়ে চোরাই মালামালের আরও অংশ উদ্ধার করা হয়, যার মধ্যে ছিল রুপার কয়েন, রুপার চেইন, নূপুর, লেডিস পার্স ব্যাগ ও নগদ ৮৫ হাজার টাকা।
পাঁচলাইশ মডেল থানার এসআই মো. রিয়াদ উছ সালেহীন জানান, চুরির ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





