বাবার হাত ধরেই ব্রাজিলভক্ত জিয়াউল ফারুক অপূর্ব

বিনোদন ডেস্ক: বিশ্ব ফুটবলে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের উন্মাদনা নতুন কিছু নয়। এই দুই দলের সমর্থকদের আবেগ, উচ্ছ্বাস ও প্রতিদ্বন্দ্বিতা দীর্ঘদিনের।

এর প্রভাব ছুঁয়ে গেছে শোবিজ অঙ্গনেও। জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ইতোমধ্যেই জানিয়েছেন, তার প্রিয় দল ব্রাজিল।

এই অভিনেতার কাছে ব্রাজিল শুধু একটি ফুটবল দল নয়, বরং ছন্দ, সৌন্দর্য ও সৃজনশীলতার প্রতীক। তার মতে, ব্রাজিলের খেলার ধরণ অন্য অনেক দলের চেয়ে আলাদা।

সাম্বা ফুটবলের ঐতিহ্য, দ্রুতগতির আক্রমণ এবং নান্দনিক খেলার স্টাইল তাকে সবসময় মুগ্ধ করে। তবে এই ভালোবাসার পেছনে রয়েছে আবেগের গল্পও।

এক সাক্ষাৎকারে অপূর্ব জানিয়েছিলেন, ছোটবেলা থেকেই তিনি বাবার সঙ্গে বসে বিশ্বকাপের খেলা দেখতেন। তার বাবা ছিলেন ব্রাজিলের সমর্থক। সেই সূত্রেই ব্রাজিলের প্রতি ভালোবাসা তৈরি হয় তার। এখনও বিশ্বকাপের খেলা দেখার সময় বাবার স্মৃতি ফিরে আসে বলে জানিয়েছেন অভিনেতা।

অপূর্বর ভাষ্য, ব্রাজিলের খেলায় রয়েছে নিজস্ব এক ছন্দ ও স্টাইল। জয়-পরাজয় খেলাধুলারই অংশ, তবে প্রিয় দল হিসেবে ব্রাজিলকে সবসময়ই সমর্থন করেন তিনি। বিশ্বকাপ এলেই তাই তার শুভকামনা থাকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্রাজিলের সমর্থনে একটি পোস্ট করেছেন অপূর্ব। সেখানে শুধু ‘ব্রাজিল’ লেখার সঙ্গে দেশটির পতাকার ইমোজি যুক্ত করেছেন এই অভিনেতা। আর তাতেই রীতিমতো ভাইরাল হয়েছে পোস্টটি। ইতোমধ্যেই পোস্টটিতে ৯২ হাজারের বেশি প্রতিক্রিয়া এবং প্রায় সাত হাজার মন্তব্য পড়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top