চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়িতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সজীব (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেয়াকো ইসলামপুর রাবার বাগান এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত সজীব দাঁতমারা ইউনিয়নের সিকদারখিল গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে। দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী সজীব নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।
চাটগাঁ নিউজ/জেএইচ






