চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকায় একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে কারিম (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৬ মে) দুপুরে হাসান টাওয়ার-১ নামের একটি ভবনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত কারিম সৌদি প্রবাসী মহিনউদ্দিনের দ্বিতীয় সন্তান। জানা গেছে, ঘটনার সময় তার মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সুযোগে সবার অগোচরে শিশুটি ভবনের ছাদে উঠে যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছাদের কিনারায় খেলতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে যায় সে। কিছুক্ষণ শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ভবনের নিচে তাকে রক্তাক্ত ও নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।
পরে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলেই ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





