চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় নুসরাত জাহান রুমা (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হলেও এর পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।
বুধবার (৬ মে) উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের এক খুলিয়া এলাকায় নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।
পারিবারিক সূত্রে জানা গেছে, রুমার পারিবারিক জীবন ছিল কিছুটা জটিল। প্রায় এক দশক আগে তার মা নতুন সংসার শুরু করলে সৎ বাবার ঘরেই বড় হন তিনি। প্রায় এক বছর আগে তার বিয়ে হলেও দাম্পত্য কলহের কারণে স্বামীর সংসারে বেশিদিন থাকতে পারেননি। মাত্র কয়েকদিন পরই তিনি বাবার বাড়িতে ফিরে আসেন এবং সেখানেই বসবাস করছিলেন।
পরিবারের সদস্যরা জানান, মৃত্যুর কয়েকদিন আগে থেকে রুমা অস্বাভাবিক আচরণ করছিলেন। ঘটনার দিন তাকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও দাম্পত্য সমস্যা কিংবা সাম্প্রতিক মানসিক অস্থিরতা এর সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





