পরিবারের সদস্যদের হাত-মুখ বেঁধে প্রবাসীর বাড়িতে ডাকাতি

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়িতে পরিবারের সদস্যদের হাত-পা ও মুখ বেঁধে জিম্মি করে একটি প্রবাসী পরিবারের বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। এ সময় পরিবারের নারীদের প্রায় সাড়ে ১১ ভরি স্বর্ণালংকার, গাড়ি বিক্রির আড়াই লাখ টাকা, তিনটি মুঠোফোনসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যাওয়ার দাবি করেছে পরিবারটি।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের ঘোগিনাঘাটা এলাকার নুরুল আলম ফোরম্যান নতুন বাড়িতে এ ঘটনা ঘটে। বাড়িটি প্রবাসী আরাফাত ও ফরহাদের বলে জানা গেছে।

পরিবারের সদস্যদের ভাষ্য, রাত আড়াইটার দিকে ১০ থেকে ১২ জনের একটি দল হাতুড়ি দিয়ে ঘরের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর অস্ত্রের মুখে পরিবারের নারী-পুরুষসহ সবাইকে হাত-পা ও মুখ বেঁধে জিম্মি করা হয়।

পরে ডাকাত দলের সদস্যরা বাড়ির বিভিন্ন কক্ষে প্রায় ১৫ থেকে ২০ মিনিট ধরে তল্লাশি চালায়। এ সময় তারা স্বর্ণালংকার, নগদ টাকা, মুঠোফোনসহ মূল্যবান মালামাল নিয়ে যায় বলে অভিযোগ পরিবারের।

পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শী জুবায়দুল ইসলাম জানান, রাতে হঠাৎ দরজার তালা ভাঙার শব্দ শুনে তারা বিষয়টি টের পান। কিছুক্ষণের মধ্যেই ডাকাতেরা ঘরে ঢুকে সবাইকে হাত-মুখ বেঁধে ফেলে। এরপর বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে মালামাল লুট করে তারা চলে যায়।

পরিবারের সদস্যদের ধারণা, এ ঘটনায় স্থানীয়ভাবে পরিচিত কেউ জড়িত থাকতে পারে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা বা অভিযোগ দায়ের হয়েছে কি না, তা জানা যায়নি।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ বা মামলা দেওয়া হলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top