রাঙ্গুনিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল ৬ ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষতি ১৫ লাখ

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের পূর্ব খুরুশিয়া কমলাছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিনগত গভীর রাতে আকস্মিকভাবে লাগা এ আগুনে মুহূর্তের মধ্যে একাধিক ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে মোহাম্মদ কালু সওদাগর ও মোহাম্মদ জাহাঙ্গীর আলমের দুটি মুদিদোকান, একটি চায়ের দোকান, মোরশেদের মালিকানাধীন একটি রাইস মিল এবং সজল দাশের একটি সেলুনসহ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যায়। আগুনে দোকানগুলোর মালামালসহ সবকিছু সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।

স্থানীয় বাসিন্দা সাদ্দাম বলেন, ‘রাত ১১টার দিকে হঠাৎ আগুন লাগার পর মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। চোখের পলকে ব্যবসায়ীদের সব শেষ হয়ে গেছে। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও দূরত্ব বেশি হওয়ায় তারা সময়মতো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। ততক্ষণে আমাদের চোখের সামনেই সব পুড়ে ছাই হয়ে যায়।’

শনিবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আকস্মিক এই অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে মোহাম্মদ কালু সওদাগর শারীরিকভাবে অসুস্থ। তার শরীরের এক পাশ প্যারালাইজড এবং ব্যবসাটিই ছিল তার একমাত্র উপার্জনের মাধ্যম। ক্ষতিগ্রস্ত অন্য ব্যবসায়ীদেরও ব্যাংকঋণ রয়েছে বলে জানা গেছে। আগুনে ব্যবসা ও পুঁজি হারিয়ে তারা এখন চরম আর্থিক সংকটে পড়েছেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঘুরে দাঁড়াতে সরকারি-বেসরকারি উদ্যোগে মানবিক সহায়তা প্রয়োজন বলে জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে দক্ষিণ রাঙ্গুনিয়ায় দ্রুত একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের জোরালো দাবি জানিয়েছেন এলাকাবাসী ও ব্যবসায়ীরা।

তাদের অভিযোগ, দক্ষিণ রাঙ্গুনিয়ায় নিকটবর্তী ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় দুর্গম এলাকায় আগুন লাগলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয় না। ফলে আগুন নিয়ন্ত্রণের আগেই বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়ে যায়।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top