পদত্যাগ করলেন ঢাবির আলোচিত সহকারী প্রক্টর মোনামী

চাটগাঁ নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেছেন আলোচিত শিক্ষক শেহরিন আমিন মোনামী।

আজ সোমবার (১১ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন।

পোস্টে শেহরিন আমিন মোনামী লেখেন, ‘আমি আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের পদ থেকে পদত্যাগ করেছি।’

তিনি আরো লিখেন, ‘শিক্ষকতা পেশার ৭ বছরে কখনও এক মুহূর্তের জন্য প্রশাসনিক কোনো দায়িত্ব পালনের ইচ্ছা আমার হয়নি। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন কখনও ভাবিনি আমি প্রশাসনিক কোনো দায়িত্ব নেবো।’

‘তবে ২০২৪ সালের ২৮ আগস্টে যখন প্রক্টর স্যার আমাকে কল দিয়ে বললেন, তিনি আমাকে সহকারী প্রক্টর হিসেবে চান, আমি আসলেই অনেক এক্সাইটেড ছিলাম। আমি সামান্য লেকচারার, তার চেয়েও সামান্য একজন মানুষ, এতো বড় দায়িত্ব যা সচরাচর একটু সিনিয়র শিক্ষকরা পান, সেই দায়িত্বে আমি!! একে তো নতুন বাংলাদেশ।’

‘অনেক আশা, অনেক স্বপ্ন আমাদের সবার চোখে। নিজের দেশ, নিজের আলমা ম্যাটারের জন্য যদি ভালো কিছু করতে পারি, তবে এর চেয়ে সৌভাগ্যের কি হতে পারে! তার ওপর আমার ডিপার্টমেন্টের বড় ভাই-স্যার, আমি মানা করবো!???’

তিনি আরও লিখেন, ‘গত দুই বছর আমি সাইফুদ্দীন স্যারের কাছে থেকে শিখেছি, কীভাবে একজন প্রক্টরকে, অতিমানব মাত্রার ধৈর্য ধরতে হয়, উত্তপ্ত পরিস্থিতি হাসিমুখে নির্বিকার থেকে ট্যাকেল দিতে হয় আর সর্বপরি কীভাবে নিজের আত্মসম্মান সমুন্নত রাখতে হয়। ক্ষমতা থাকা সত্ত্বেও ক্ষমা ও মমতায় তিনি শিক্ষার্থীদের আগলে রেখেছিলেন, ওনার দলের সদস্য হিসেবে আমরাও তাই করার চেষ্টা করেছি, করছি।’

প্রক্টরের দায়িত্বের কথা উল্লেখ করে শিক্ষক মোনামী লিখেন, ‘আমার টেনিউরে আমি কি করতে পেরেছি, কতটা সফল ছিলাম এসব হিসাব করবো না। আমি জানিও না, টু বি ট্রু। আমি কেবল জানি একজন অসাধারণ মানুষের নেতৃত্ব, চমৎকার একটি টিমের সাথে একটা অভাবনীয় অভিজ্ঞতা আমার হয়েছে।’

‘জুলাই এবং জুলাই পরবর্তী এমন সময় আর সিচুয়েশন আদৌ এই দেশে আর আসবে কিনা আমি জানি না। সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর কোনো প্রক্টর ও তার টিম এমন সিচুয়েশন ফেস করেনি, প্রোবাবলি, করবেও না।’

উল্লেখ্য, শেহরিন আমিন মোনামী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধবিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও শিক্ষকতা করেছেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top