রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও একটি মাইক্রোবাসসহ সাহাদাত হোসেন ওরফে মানিক (৩২) নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ।
সোমবার (১১ মে) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ মে দিবাগত রাতে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশের একটি টহল দল এলাকায় দায়িত্ব পালন করছিল। রাত আনুমানিক ৩টার দিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, পোমরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আজিমনগর এলাকায় চট্টগ্রাম-কাপ্তাই আঞ্চলিক মহাসড়কসংলগ্ন পটেটো চিপস গলির ভেতরে একদল ডাকাত অস্ত্রশস্ত্র ও গাড়ি নিয়ে অবস্থান করছে।
খবর পেয়ে রাত সোয়া ৩টার দিকে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় ডাকাতদলের সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে সাহাদাত হোসেনকে আটক করতে সক্ষম হয়। তবে অন্য সদস্যরা অন্ধকারের সুযোগ নিয়ে পাশের পাহাড়ে পালিয়ে যায়। গ্রেপ্তার সাহাদাত পোমরা আজিমনগর এলাকার মৃত সাকের আহাম্মদের ছেলে।
পরে ঘটনাস্থলে থাকা ডাকাতদের ব্যবহৃত কালো রঙের একটি পুরোনো মাইক্রোবাস (চট্টমেট্রো-চ-১১-৭১৭৩) তল্লাশি করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে— ২টি ধারালো ছুরি, ১টি বড় লোহার কাটার, ১টি ধারালো দা, ৪০ ইঞ্চি লম্বা একটি লোহার সাবল এবং ২টি বড় ধারালো কিরিচ। এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।
রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এ ঘটনায় গ্রেপ্তার সাহাদাতসহ ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে আসামি করে দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন






