হাটহাজারী প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আলীপুর মেডিকেল গেইট এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
শনিবার (১০ মে) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান। এ সময় বিএসটিআই চট্টগ্রাম কার্যালয়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
অভিযানকালে অনিক ফুডস নামের একটি প্রতিষ্ঠানে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই পণ্য উৎপাদন, মজুদ ও বিক্রির সত্যতা পাওয়া যায়। এছাড়া নিবন্ধন সনদ ছাড়া মোড়কজাতকরণ ও খাদ্যপণ্য বিক্রি এবং অস্বাস্থ্যকর ও অনিরাপদ পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুতের অভিযোগও প্রমাণিত হয়।
এসব অপরাধে মোবাইল কোর্ট বিএসটিআই আইন, ২০১৮, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং দণ্ডবিধি, ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
পাশাপাশি প্রতিষ্ঠানটিকে অনুমোদনহীন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে বিএসটিআইয়ের প্রয়োজনীয় লাইসেন্স সংগ্রহ এবং ছড়া দূষণরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/শোয়াইব/এমকেএন






