ঈদগাঁওয়ে পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার ৪

ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁওয়ে পুলিশের চলমান অভিযানের অংশ হিসেবে পৃথক অভিযানে চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক মামলার পরোয়ানাভুক্ত ও ভূমি অপরাধ আইনের আসামি রয়েছেন।

সোমবার (১১ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের পৃথক টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

ওসি আরও জানান, থানা এলাকাকে অপরাধমুক্ত রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার ইসলামপুর ইউনিয়নের মধ্যম নাপিতখালী চাকার দোকান এলাকার মৃত ফজল করিমের ছেলে সরওয়ার আলম এবং উত্তর খাঁনঘোনা এলাকার মো. ইছহাকের ছেলে মনছুর আলী। তারা উভয়েই মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি।

এছাড়া ভূমি অপরাধ আইনের মামলায় গ্রেপ্তার হয়েছেন ঈদগাঁও ইউনিয়নের মেহেরঘোনা এলাকার নুরুল ইসলামের ছেলে এরশাদুল হক এবং পোকখালী ইউনিয়নের পশ্চিম গোমাতলী এলাকার আকতার হোসেনের ছেলে নুর হোসেন।

চাটগাঁ নিউজ/সেলিম/এমকেএন

Scroll to Top