ইউপিডিএফ কর্মী হত্যার প্রতিবাদে সাজেকে আধাবেলা অবরোধ পালিত

চাটগাঁ নিউজ ডেস্ক: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে প্রসিত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সদস্যকে গুলি করে হত্যার প্রতিবাদে সাজেক সড়কে আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।

আজ সোমবার (১১ মে) সকাল ৬টা থেকে এই অবরোধ কর্মসূচি শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলে।

সকাল থেকে সাজেক সড়কের উজোবাজারসহ বিভিন্ন অংশে সড়কে গাছের গুঁড়ি ও সড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিং করতে দেখা গেছে ইউপিডিএফ সদস্যদের।

এদিকে অবরোধের কারণে সাজেক-দীঘিনালা সড়ক ও মারিশ্যা-দীঘিনালা সড়কেও যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া সাজেক পর্যটন কেন্দ্রের পর্যটকবাহী গাড়ি চলাচলও স্থগিত থাকে।

সাজেকে রিসোর্ট কটেজ মালিক সমিতি সভাপতি সুর্পণ দেব বর্মন বলেন, অবরোধের কারনে সকাল থেকে কোন পর্যটকবাহী গাড়ি আসা যাওয়া করতে পারেনি। তবে দুপুরের পর কিছুটা স্বাভাবিক হলে পর্যটকবাহী গাড়িগুলো আসা শুরু করে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ‘সকাল থেকে আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে ইউপিডিএফ। তবে কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।’

উল্লেখ্য, গত শনিবার (৯ মে) রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের শুকনোছড়া এলাকায় ইউপিডিএফ কর্মী হেগেরা চাকমা তরুণকে (৪৯) হত্যা করে দুর্বৃত্তরা।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top