চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামে ঠোঁট কাটা, তালু কাটা, জন্মগত শারীরিক ত্রুটি এবং অগ্নিদগ্ধ ও অ্যাসিডদগ্ধ রোগীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে আধুনিক প্লাস্টিক সার্জারি ও অস্ত্রোপচার ক্যাম্পের আয়োজন করা হয়েছে। রোটারি ক্লাব অব আগ্রাবাদ এবং আন্তর্জাতিক মানবিক সংস্থা রোটাপ্লাস্ট ইন্টারন্যাশনালের (Rotaplast International) যৌথ উদ্যোগে এ ক্যাম্প অনুষ্ঠিত হবে।
আগামী ১১ জানুয়ারি ২০২৭ থেকে চট্টগ্রামের হালিশহরে অবস্থিত আল মানাহিল নার্চার জেনারেল হাসপাতালে এ কার্যক্রম শুরু হবে। এতে যুক্তরাষ্ট্র থেকে আগত অভিজ্ঞ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দাতব্য সার্জনদের নেতৃত্বে রোগীদের অস্ত্রোপচার করা হবে।
আয়োজক সূত্রে জানা গেছে, ঠোঁট কাটা ও তালু কাটাসহ বিভিন্ন জন্মগত শারীরিক ত্রুটি এবং আগুনে পুড়ে যাওয়া ও অ্যাসিডদগ্ধ রোগীরা এ ক্যাম্পে চিকিৎসা ও অস্ত্রোপচারের সুযোগ পাবেন। ক্যাম্পের আওতায় সব ধরনের অপারেশন সম্পূর্ণ বিনামূল্যে করা হবে।
এ কর্মসূচিতে অংশ নিতে আগ্রহী রোগীদের আগামী ২০ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধন ও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে হবে ০১৮৪২-২৭৩২৮৪ এবং ০১৮৪২-২৭৩২৮৫ নম্বরে।
ক্যাম্পের স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছে আল মানাহিল নার্চার জেনারেল হাসপাতাল, ফুল চৌধুরী পাড়া, বি ব্লক, হালিশহর, চট্টগ্রাম।
রোটারি একটি আন্তর্জাতিক মানবসেবামূলক সংগঠন। মানবতার সেবা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই সংগঠনটির অন্যতম লক্ষ্য। এ উদ্যোগের মাধ্যমে আর্থিক অসচ্ছলতার কারণে অস্ত্রোপচার করাতে না পারা দেশের বিভিন্ন অঞ্চলের রোগীদের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ তৈরি হবে বলে আশা করছেন আয়োজকেরা।
আয়োজকদের মতে, এ মানবিক উদ্যোগের সফলতা অনেকাংশে নির্ভর করছে দেশব্যাপী প্রচার ও জনসচেতনতার ওপর। গণমাধ্যমে এ সংবাদ প্রচারিত হলে দেশের প্রত্যন্ত অঞ্চলে থাকা অসংখ্য অসহায় রোগী বিনামূল্যে অস্ত্রোপচারের সুযোগ সম্পর্কে জানতে পারবেন। এর ফলে অনেকের জীবনে ফিরে আসতে পারে স্বাভাবিক জীবনযাপনের সম্ভাবনা, মুখে ফুটতে পারে নতুন আশার হাসি।
সংশ্লিষ্ট রোগীদের প্রতি আহ্বান: নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন করে এই বিনামূল্যের চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ নেওয়ার অনুরোধ জানিয়েছেন আয়োজকেরা।
চাটগাঁ নিউজ/এসএ






