টেকনাফ সড়কে ডাম্পারচাপায় নারী নিহত, আহত ৩

চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া উপজেলার আমতলী এলাকায় নিয়ন্ত্রণ হারানো একটি ডাম্পারের চাপায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২০ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, কক্সবাজার-টেকনাফ মহাসড়ক দিয়ে চলাচলরত একটি ডাম্পার হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা পথচারীদের ওপর উঠে যায়। এতে কয়েকজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে আহতদের উখিয়া সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুফিয়া (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়।

নিহত সুফিয়া টেকনাফ উপজেলার মহেশখালিয়া পাড়া এলাকার আব্দুল হামিদের স্ত্রী বলে জানা গেছে।

দুর্ঘটনায় আহতরা হলেন— উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৭ এর বাসিন্দা মুবিনা খাতুন (৪৫), টেকনাফের মুশকালিপাড়ার জিয়াবুল (১৮) এবং চার বছর বয়সী শিশু মো. হাফিজ। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী মো. সাত্তার বলেন, দুর্ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

শাহপরী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত ডাম্পারটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top