চাটগাঁ নিউজ ডেস্ক: চলতি বছরের স্থগিত হওয়া উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। নতুন সূচি অনুযায়ী, আগামী ২০ আগস্ট থেকে স্থগিত লিখিত পরীক্ষা শুরু হবে। আর ৯ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বরের মধ্যে সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করা হবে।
মঙ্গলবার (৪ আগস্ট) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, প্রয়োজন হলে বোর্ড সময়সূচিতে পরিবর্তন আনার অধিকার সংরক্ষণ করে।
সংশোধিত সূচি অনুযায়ী, ২০ আগস্ট ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র পরীক্ষার মাধ্যমে স্থগিত পরীক্ষাগুলো শুরু হবে। এরপর ২২ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২৪ আগস্ট পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা নির্ধারণ করা হয়েছে ২৭ আগস্ট।
এ ছাড়া ২৯ আগস্ট ভূগোল প্রথম পত্র এবং একই দিন বিকেলে আরবি ও পালি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩১ আগস্ট ভূগোল দ্বিতীয় পত্রের পাশাপাশি বিকেলে আরবি ও পালি দ্বিতীয় পত্রের পরীক্ষা নেওয়া হবে।
২ সেপ্টেম্বর রসায়ন প্রথম পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, ইতিহাস প্রথম পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথম পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে ৫ সেপ্টেম্বর।
সবশেষে ৭ সেপ্টেম্বর অর্থনীতি প্রথম পত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র এবং ৯ সেপ্টেম্বর অর্থনীতি দ্বিতীয় পত্র ও প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বোর্ডের নির্দেশনা অনুযায়ী, সকালের শিফটের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং বিকেলের শিফটের পরীক্ষা দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে নির্ধারিত আসনে উপস্থিত থাকতে হবে।
প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা ৭ সেপ্টেম্বর সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানেই অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৯টায় মূল কেন্দ্র থেকে প্রশ্নপত্র সংগ্রহ করে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষের তত্ত্বাবধানে পরীক্ষা নেওয়া হবে।
ব্যবহারিক পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে পরীক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান অথবা কেন্দ্রের প্রধানের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড।
চাটগাঁ নিউজ/এমকেএন





