চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানায় দায়ের করা একটি মাদক মামলায় শফিকুল ইসলাম ওরফে ‘ইয়াবা শফিককে’ যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলার অপর আসামি মো. রুহুল আমিনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজউল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত শফিকুল ইসলাম নগরের সদরঘাট থানার আইস ফ্যাক্টরি রোডের বাস্তুহারা কলোনির মৃত শহিদুল ইসলাম শহিদুল্লাহর ছেলে।
আদালতের বেঞ্চ সহকারী এস এম কাওসার সাগর বলেন, ছয় জনের সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে পলাতক আসামি শফিকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের দিয়েছেন আদালত।
এছাড়াও অন্য একটি ধারায় দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আরেকটি ধারায় পাঁচ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
অন্যদিকে, রাষ্ট্রপক্ষ রুহুল আমিনের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় আদালত তাকে বেকসুর খালাস দেন।
মামলার নথি অনুযায়ী, ২০১৩ সালের ২৪ আগস্ট নগরের কোতোয়ালী থানার কদমতলী রেলক্রসিংয়ের পূর্ব পাশের ফুটপাত এলাকায় অভিযান চালিয়ে দুই আসামির কাছ থেকে ৪৫ গ্রাম হেরোইন, ৫ কেজি গাঁজা এবং ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল হলে বিচারিক কার্যক্রম শুরু হয়।
চাটগাঁ নিউজ/এমকেএন





