কাপ্তাইয়ে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে আহত ১

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন পরিষদ-সংলগ্ন এলাকায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে ইউনিয়ন পরিষদের পাশে কামাল মেম্বারের চালের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহত সুজন চৌধুরী (৪৫) রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া কুতুরিয়া পাড়ার বাসিন্দা ও স্থানীয় ব্যবসায়ী। এ ঘটনায় অটোরিকশার চালক মো. গেবরানও সামান্য আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বাঙ্গালহালিয়া থেকে মোটরসাইকেলে আসছিলেন সুজন চৌধুরী। পথে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সুজন চৌধুরীর পায়ে গুরুতর আঘাত লাগে।

আহতের বড় ভাই ও বাঙ্গালহালিয়ার ব্যবসায়ী পুলক চৌধুরী জানান, দুর্ঘটনার পর সুজন চৌধুরীকে প্রথমে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে প্রথমে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে আরও উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাকের দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল চালক সুজন চৌধুরী গুরুতর আহত হয়েছেন এবং অটোরিকশার চালক সামান্য আহত হয়েছেন। দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেল ও অটোরিকশাটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/ঝুলন/এমকেএন

Scroll to Top