চাটগাঁ নিউজ ডেস্ক: বিশ্বজুড়ে বাড়তে থাকা সাইবার হামলার ঝুঁকির মধ্যে দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরের ডিজিটাল নিরাপত্তা জোরদারে অত্যাধুনিক সাইবার সিকিউরিটি সিস্টেম চালু করা হয়েছে। নতুন এই ব্যবস্থার মাধ্যমে বন্দরের নেটওয়ার্ক, অনলাইন লেনদেন, অপারেশনাল তথ্য এবং লজিস্টিকস ব্যবস্থাকে সাইবার আক্রমণ থেকে সুরক্ষিত রাখা হবে।
আজ রবিবার (২৮ জুন) দুপুরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই সিস্টেমের উদ্বোধন করেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান।
বন্দর কর্তৃপক্ষের সচিব মো. নাসির উদ্দিন জানান, বর্তমানে বন্দর পরিচালনার প্রায় সব গুরুত্বপূর্ণ কার্যক্রমই ডিজিটাল প্ল্যাটফর্মনির্ভর। ফলে র্যানসমওয়্যার, ম্যালওয়্যার, ডিডিওএস হামলাসহ বিভিন্ন ধরনের সাইবার হুমকি মোকাবিলায় আন্তর্জাতিক মানের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।
নতুন সিস্টেমে সম্ভাব্য সাইবার হামলা আগাম শনাক্ত, সংবেদনশীল তথ্যের নিরাপত্তা নিশ্চিত, ভাইরাস ও ম্যালওয়্যার প্রতিরোধ, সন্দেহজনক নেটওয়ার্ক কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণ এবং ২৪ ঘণ্টার সিকিউরিটি অপারেশনস সেন্টারের মাধ্যমে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা রাখা হয়েছে। পাশাপাশি ভবিষ্যৎ তদন্তের জন্য প্রতিটি সাইবার হামলার ডিজিটাল তথ্য সংরক্ষণের ব্যবস্থাও রয়েছে।
বন্দর কর্তৃপক্ষ জানায়, চলতি বছরের ১১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের সঙ্গে চুক্তির মাধ্যমে প্রকল্পটির কাজ শুরু হয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মতে, নতুন এই প্রযুক্তি আন্তর্জাতিক জাহাজ ও বন্দর নিরাপত্তা কোড অনুসারে বন্দরের ডিজিটাল অবকাঠামোকে আরও সুরক্ষিত করবে এবং নিরবচ্ছিন্ন বন্দর পরিচালনার পাশাপাশি আন্তর্জাতিক শিপিং খাতে বাংলাদেশের সক্ষমতা ও আস্থা আরও বাড়াবে।
অনুষ্ঠানে বন্দর কর্তৃপক্ষের বোর্ড সদস্য, বিভাগীয় ও শাখা প্রধান, প্রকল্প পরিচালক এবং প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট কারিগরি বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
চাটগাঁ নিউজ/জেএইচ






